বিজ্ঞাপন

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া’র হুমকি পেয়েছিলেন মেসি

বিশ্বকাপ শেষ হয়ে গেছে সপ্তাহ তিনেক হতে চলল। কিন্তু এর রঙিন সব স্মৃতি যেন এখনো টাটকা। গ্যালারিতে উন্মাদনা, মাঠে পারফরম্যান্সের ঝলক আর জয়ের পর উল্লাস। কিন্তু এই জমকালো আলোর নিচে যে থমথমে অন্ধকার জমে ছিল, ফুটবল–বিশ্ব তা হয়তো এতটা টের পায়নি। ফুটবলের সবচেয়ে বড় আসরের নিরাপত্তাব্যবস্থা যেন ঝুলছিল একটা সুতায়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও অংশ নেওয়া দেশগুলোর পুলিশ বাহিনীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র (আইপিসিসি) বিশ্বকাপজুড়ে প্রতিদিন নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন তৈরি করেছে। সেই গোপন নথির একটি অংশ প্রকাশ করেছে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম প্রেনসা ইবেরিকার অনুসন্ধানী অপরাধবিষয়ক চ্যানেল। সেখান থেকেই জানা গেছে, বিশ্বকাপের অনেক তারকা ফুটবলার, কোচ ও রেফারিরা পুরো টুর্নামেন্টজুড়ে প্রাণনাশের হুমকি ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে ও টুর্নামেন্ট চলাকালে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দিন। টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক ব্যক্তি দাবি করেন, তিনি ও তাঁর দুই সঙ্গী ‘হাতে বানানো বোমা ও এআর-১৫ সেমিঅটোমেটিক রাইফেল’ নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। পুলিশের প্রতিবেদনে বলা হয়, তাঁরা পুলিশ ও দুই দলের খেলোয়াড়দের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। তবে ওই কথিত সন্ত্রাসীর মূল লক্ষ্য ছিলেন মেসি।

আর্জেন্টিনার আরেকটি ম্যাচের আগেও ছড়িয়েছিল বোমাতঙ্ক। মিসরের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী লেখেন, ‘আমি আটলান্টা স্টেডিয়ামে ঢুকতে যাচ্ছি। নিজের শরীরে চারটা বোমা বেঁধে উড়িয়ে দেব মেসিকে।’

ম্যাচ চলার সময়ও পুলিশ হেডকোয়ার্টারে ফোন আসে। বলা হয়, স্টেডিয়ামের তিনটি ডাস্টবিনে ‘তিনটি বোমা’ রাখা আছে। এরপর বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর নিয়ে পুরো স্টেডিয়ামে ব্যাপক তল্লাশি চালাতে হয়।

আর্জেন্টিনার মহাতারকাকে ঘিরে যখন বোমাতঙ্ক, তখন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভুগেছেন লাগাতার হয়রানির আতঙ্কে। গত ১৪ জুন ফিফার এক কর্মী পুলিশের কাছে অভিযোগ করেন, এক সন্দেহভাজন ব্যক্তি রোনালদোর থাকার ব্যবস্থা সম্পর্কে গভীর ‘খোঁজখবর’ নিচ্ছেন। ১৬ জুন হিউস্টনে পর্তুগাল দল যে হোটেলে উঠেছিল, সেখান থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ।

কানাডার টরন্টোতেও একই ধরনের ঘটনা ঘটে। রোনালদোর কাছে যেতে এক অনুরাগী তাঁর সঙ্গে লিফটে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা তাঁকে সঙ্গে সঙ্গে আটকে দেন। পরে ওই ব্যক্তি জানান, তিনি সিআর সেভেনের সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন। মায়ামিতেও রোনালদোকে ঘিরে ধরার চেষ্টা হয়। পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচে রোনালদোর জার্সি পরা এক দর্শক তো সোজা মাঠেই নেমে পড়েন।

শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, মাঠের পারফরম্যান্স বা ভুলের কারণেও খেলোয়াড়দের পেতে হয়েছে হাড়হিম করা হুমকি। প্যারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে মাঠে বাদানুবাদে জড়িয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্যারাগুয়ের রাজনৈতিক অঙ্গন থেকেও এমবাপ্পেকে নিয়ে কটূক্তি করা হয়। ৫ ও ৬ জুলাই প্যারাগুয়েতে তাঁর প্রতিকৃতি পোড়ানো হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রিয়ালের সঙ্গে বিশাল চুক্তি ভিনির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন