সাভারের আশুলিয়ায় এক বিএনপি নেতার বাড়ির গেটে ব্যাগে মোড়ানো কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল ও সাবান রেখে চিরকুটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নেতা ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লার বাড়ির গেটে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ব্যাগ রেখে যায়। পরে ব্যাগটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া যায়।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘আমার বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে। সকালে বাসা থেকে বের হয়ে বাড়ির গেটে একটি ব্যাগ পড়ে থাকতে দেখি। পরে সেই ব্যাগটি খুলে ভেতরে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভোর ৫টা ১০ মিনিটে মুখ ঢাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্যাগটি রেখে চলে যায়।’
কেন আপনাকে হত্যার হুমকি দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে বিরোধ নেই। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিয়েছি। এ কারণেই হয়তো এ ধরনের হুমকি এসেছে।’
‘আমি থানা পুলিশকে জানিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেগুলো থানায় নিয়ে গেছে। আমি এ ঘটনায় থানায় জিডি করব। আমি নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি,’ তিনি বলেন।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই হাদী বলেন, ‘মো. ইসমাইল হোসেন মোল্লা আমাদের কমিটির সিনিয়র সহসভাপতি ও অত্যন্ত ভালো মানুষ। চিরকুট লিখে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, শুনেছি। কারা এই হুমকির সঙ্গে জড়িত, পুলিশ তাদের শনাক্ত করে আইনের আওতায় আনবে—এটাই প্রত্যাশা করছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘কাফনের কাপড় ও চিরকুট লিখে এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পড়ুন:সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে
ইমি/


