কম সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট করে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে তারা বিভিন্ন অঙ্কের টাকা নিতেন।
অভিযান শেষে সাংবাদিকদের র্যাব-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সাঈদ মাহমুদ বলেন, এ চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পাসপোর্ট অফিসের বিভাগীয় উপপরিচালক ইসমাইল হোসেন বলেন, দালালদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েক মাসে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের তৎপরতার কারণে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে।
তিনি বলেন, দালালের মাধ্যমে অল্প সময়ে পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। তাই সেবাগ্রহীতাদের দালালদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
পড়ুন: ‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর/


