বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে চাহিদার তুলনায় ঘাটতি থাকায় দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, ‘আমাদের বিদ্যুৎ-জ্বালানিতে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এজন্য আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি।’
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে থাকায় এই সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে একটি বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমানে যে বয়লারে উৎপাদন চলছে, সেটিও বন্ধ রাখতে হবে। এ বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না। তবে দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জ্বালানি খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পড়ুন: ভারতের ‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ
আর/


