ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। এটা তার এক ধরনের সফর। এটি নিয়ে জল্পনার কিছু নেই। হয়তো তার সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।’
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, একসময় যেনতেনভাবে নম্বর দেওয়া এবং শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। বর্তমান সরকার শিক্ষার মানের দিকে গুরুত্ব দেবে—এ বিষয়টি শুরুতেই জানানো হয়েছিল।
জ্বালানি তেলের সরবরাহ নিয়ে ডা. জাহেদ বলেন, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, প্রস্তাবিত নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা। একই সঙ্গে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তুলে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো এ নীতিমালার অন্যতম লক্ষ্য।
ডা. জাহেদ বলেন, এ নীতিমালার মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলেও জানান তিনি। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
১৮০ দিন পূর্তির পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে কি না—এ বিষয়ে ডা. জাহেদ বলেন, সরকার থেকে এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে যেকোনো সময় মন্ত্রী ও মন্ত্রণালয়ের কাজ মূল্যায়ন করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশ ‘টাফ’ অবস্থানে রয়েছে।
তিনি বলেন, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছে, তার অনুকূল পরিবেশ ভারতকেই তৈরি করতে হবে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা ছিল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চায়, যাতে তাকে দেশের আইনের আওতায় আনা যায়। কিন্তু তা হচ্ছে না। এর মধ্যে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন।
ডা. জাহেদের ভাষ্য, এসব বিষয় ভারতকে আন্তরিকভাবে নিতে হবে। এ বিষয়ে ভারতকে শক্তভাবে বার্তা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পড়ুন: শিক্ষক নিয়োগে এনটিআরসির ক্ষমতা কমিটিকে দেওয়া হয়নি: শিক্ষামন্ত্রী
আর/


