চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুপুর কর্মকার ওই এলাকার খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, নুপুর পড়াশোনায় ভালো ছিল। তবে এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করে। মোবাইল ফোনে ফলাফল দেখার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। গত দুই দিন ধরে সে ঘর থেকে বের হচ্ছিল না। ফল প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।
বুধবার বিকেলে দীর্ঘ সময় ডাকাডাকি করেও নুপুরের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

