জয়পুরহাটের ক্ষেতলালে চুরি সন্দেহে বাদশা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের জামালের ছেলে। আহত মাজেদুল একই এলাকার ইব্রাহিমের পালিত ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জামালগঞ্জের একটি ফিলিং স্টেশনে চুরি বা অবৈধ প্রবেশের সন্দেহে স্থানীয় কয়েকজন তাদের ধরে মারধর করে। একপর্যায়ে একটি পোল্ট্রি খামারে নিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর ও নির্যাতনের পর তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাদের ক্ষেতলালের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে একজনকে মৃত এবং অন্যজনকে আহত অবস্থায় উদ্ধার করে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত অভিযুক্তদের পরিচয় পাওয়া যায়নি।
আহত মাজেদুল জানান, চুরি না করার কথা বারবার বলার পরও তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং অপরাধ স্বীকার করতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আহত মাজেদুলকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং মামলার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
সা/


