ভোটের এখনো বেশ কিছুদিন বাকি। তবে তার আগেই যেন ভোটের উৎসব নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামে। গ্রামের আর্থ-সামাজিক উন্নয়ন কমিটির সভাপতি নির্বাচনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে দেবগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। এই নির্বাচনে যিনি জয়ী হবেন, ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে তাঁকেই দেবগ্রামের একক মেয়র প্রার্থী হিসেবে দেখতে চান গ্রামের বাসিন্দারা।
আজ শনিবার সকাল ৮টা থেকে দেবগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পাঁচটি বুথে একযোগে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ভোটার ৩ হাজার ২৭০ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আমজাদ হোসেন বাবু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ ও প্রবাসী রুহুল আমিন খান সুমন।
ভোটকে ঘিরে দেবগ্রামজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি, প্রার্থীদের সমর্থকদের উপস্থিতি আর পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময়ে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রাণবন্ত। অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
দেবগ্রামের বাসিন্দা ও পৌর যুবদলের সদস্যসচিব হুমায়ুন রহমান নয়ন বলেন, ‘দেবগ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামের আর্থ-সামাজিক উন্নয়ন কমিটির এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমি ভোট দিয়েছি। আশা করছি, ভোটের মাধ্যমে গ্রামবাসী যোগ্য ও সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন। যিনি গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় থাকবেন, ভবিষ্যতে তাঁকেই পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হিসেবে দেখতে চাই।’
ঢাকায় কর্মরত টেক্সটাইল প্রকৌশলী ও দেবগ্রামের বাসিন্দা লোকমান হাকিমও ভোট দিতে গ্রামে এসেছেন। তিনি বলেন, ‘এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছি।
গ্রামের কোনো কিছু শুনলে ছুটে আসতে হয়। আজকের এই উৎসবমুখর নির্বাচনেও ঢাকায় থেকে ভোট দিতে এসেছি। আশা করছি, যোগ্য প্রার্থীই নির্বাচিত হবেন। নির্বাচিত ব্যক্তি যদি গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেন, তাহলে ভবিষ্যতে তাঁকেই পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আমরা সমর্থন দেব।’
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার ইমরান মোল্লা বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন কমিটির সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘এই নির্বাচনে যিনি বিজয়ী হবেন, আগামী পৌরসভা নির্বাচনে তাঁকে দেবগ্রামের একক মেয়র প্রার্থী করার বিষয়ে গ্রামবাসীর মধ্যে ঐকমত্য রয়েছে। এরপর সবাই ঐক্যবদ্ধ হয়ে তাঁর জন্য কাজ করবেন।’
দেবগ্রামের এই ভোট যেন কেবল একটি কমিটির সভাপতি নির্বাচনের ভোট নয়—এর সঙ্গে জড়িয়ে আছে একটি গ্রামের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার আকাঙ্ক্ষা। তাই ভোটকেন্দ্রে আসা অনেকের চোখে আজকের নির্বাচন শুধু ব্যালটে একটি সিল দেওয়ার আয়োজন নয়; বরং আগামী দিনের দেবগ্রামকে কার হাতে দেখতে চান, সেই সিদ্ধান্তেরও এক মহড়া।
পড়ুন : মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫
সা/


