হত্যা ও সহিংসতার অভিযোগে করা পাঁচটি মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে জামিন দেয়া হবে না কেন—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন দেয়া হবে না কেন, অথবা সংশ্লিষ্ট মামলাগুলোতে সন্তোষজনক কারণ দেখাতে বলা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির পক্ষে সিনিয়র আইনজীবী রমজান আলী শিকদার।
তিনি জানান, পাঁচটি মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত এসব মামলায় রুল জারি করেন। এজাহারে তার সুনির্দিষ্ট নাম না থাকা, প্রাথমিক তথ্যের সত্যতা এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন।
রমজান আলী শিকদার বলেন, বর্তমানে ডা. দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। বাকি মামলাগুলোর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট রুল জারির পাশাপাশি জামিন দিয়েছেন। এছাড়া আরও ১৮টি মামলায় জামিনের বিষয়ে রুল জারি হয়েছে।
ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলটি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় নির্দেশনা দেওয়ার অভিযোগসহ একাধিক মামলা করা হয়।
পড়ুন : দুই দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল


