ময়মনসিংহের ত্রিশালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো মাশরাফি মুর্তজা (৫) ও ফারহান হোসেন (৪)।
সোমবার দুপুরে উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরোপাড়া গ্রামের উচাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে চাচাতো ভাই মাশরাফি ও ফারহান।পুকুর গোসলের এক পর্যায়ে পুকুরের পাড় থেকে তারা পুকুরের মাঝখানে চলে যায়। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। মাশরাফির বাবা আশরাফুল ইসলাম পুকুরে তাদের ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহত মাশরাফির বাবা আশরাফুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্প্রিং মিলে হেলপার হিসেবে চাকরি করেন। অপর শিশু ফারহান হোসেনের বাবা তারিকুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী।
মাশরাফির বাবা আশরাফুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন, “অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কেউ একজন বলে তারা দুজন পুকুরে নেমেছে। পুকুরে গিয়ে দেখি মাঝখানে একটি নীল হাফপ্যান্ট ভেসে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি, আমার ছেলে।
শিশু ফারহান হোসেনের মা ফাতেমা খাতুন বলেন, “আমি কী লইয়া থাকবাম, আমার কলিজাটা মইরা গেছে। আমার বাবারে ছাড়া আমি কীভাবে থাকমু?” এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে একপর্যায়ে মূর্ছা যান তিনি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত ডাক্তার আব্দুল কাইয়ুম জানান পুকুরের পানিতে পড়া শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে ।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমদ জানান আমরা শুনেছি দুটি শিশু পুকুরের পানিতে পড়ে মারা গিয়েছে । শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দাখিল করেনি ।
চাচাতো দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

