মাদক উদ্ধারের নামে বাড়িতে তল্লাশি, পরিচয় জানতে চাইলে কখনো পুলিশ, কখনো এনএসআই! শেষ পর্যন্ত স্থানীয়দের জেরায় বেরিয়ে আসে পরিচয়ের গরমিল। মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে এনএসআই সদস্যের পরিচয় দিয়ে মাদক উদ্ধারে যাওয়া মামুন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তার কাছে পুলিশের পোশাক, ওয়াকিটকি, পরিচয়পত্র ও ক্যাপ পাওয়ার দাবি করেছেন তারা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যের ভুয়া পরিচয়ে মাদক উদ্ধারে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন মামুন নামে ওই যুবক। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক মামুন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়পুর গ্রামের হাইলদ্দি শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে সন্দেহজনক ভাবে মামুনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে মাদক উদ্ধারের কথা বলে হাইলদ্দি শেখের বাড়িতে তল্লাশি শুরু করেন তিনি। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় প্রথমে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন মামুন। পরে একপর্যায়ে নিজেকে এনএসআই সদস্য দাবি করে মাদক উদ্ধারে এসেছেন বলে জানান।
তার পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা বিস্তারিত জানতে চাইলে মামুন দাবি করেন, তিনি চুয়াডাঙ্গা জেলায় কর্মরত। বিষয়টি যাচাই করতে চুয়াডাঙ্গা জেলায় খোঁজ নেওয়া হয়। তবে সেখানে মামুন নামে কোনো সদস্য কর্মরত নেই বলে নিশ্চিত হওয়া যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে স্থানীয়রা বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, মামুনকে আটকের সময় তার কাছে পুলিশের পোশাক, ওয়াকিটকি, আইডি কার্ড ও ক্যাপ পাওয়া গেছে। এসব সামগ্রী কীভাবে তার কাছে এলো এবং কেন তিনি কখনো পুলিশ আবার কখনো এনএসআই সদস্যের পরিচয় দিয়ে মাদক উদ্ধারে গিয়েছিলেন, তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষ হলে উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তির পরিচয় ও তার কাছে থাকা সামগ্রীর বিষয়ে তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : সিরাজগঞ্জে চোর সন্দেহে যুবককে গাছের সাথে বেঁধে মারপিট


