গাজীপুরের কালিয়াকৈরে হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা পুলিশ নিশ্চিত করেছে।
গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। এ সময় সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিবরকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে তার একাধিকবার অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়।
এরপরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
আজিবরের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পূর্বে দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি
ইমি/


