নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি হার্ডওয়্যারের দোকানে বসে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব) পুলিশ।
আটককৃত যুবকের নাম মো. মাহাবুর রহমান (২৭)। তিনি কলমাকান্দা থানার তারানগর (পোস্ট-লেংগুড়া বাজার) এলাকার মো. রমজান মিয়া ও মাজেদা খাতুনের ছেলে।
বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন এবং অনলাইন জুয়া খেলার প্রমাণস্বরূপ ৩৭ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এলাকায় অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ডিবির একটিদল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে দলটি কলমাকান্দা থানাধীন লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া ক্যাপাসিটি মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে অবস্থিত ‘মাহবুব হার্ডওয়্যার’ নামক দোকানের ভেতরে বসে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটকের পর মাহাবুর রহমানের দেহ ও আশপাশ তল্লাশি করে তার নিজ হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। এছাড়া তার জুয়া খেলার সম্পৃক্ততার অকাট্য প্রমাণ হিসেবে মোবাইল ফোন থেকে জুয়ার ৩৭ পাতা স্ক্রিনশট সংগ্রহ করেছে পুলিশ।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট কলমাকান্দা থানায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬” এর কয়েকটি ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে এবং সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে জেলা পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
সা/


