নীলফামারীর সৈয়দপুরে প্রায় ১৮ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের অটোরিকশার ব্যাটারিবাহী একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। পরে কাস্টমস কর্তৃপক্ষ ব্যাটারিগুলো জব্দ করে নিজেদের জিম্মায় নিয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের সওজ ভবনের সামনে ট্রাকটি আটক করা হয়।
স্থানীয়রা জানান, ট্রাকে মাদক পরিবহন করা হচ্ছে এমন সন্দেহে তারা ট্রাকটি আটক করেন। চালক জানান, ট্রাকে অটোরিকশার ব্যাটারি রয়েছে। পরে চালানপত্র দেখতে চাইলে সেখানে ক্রেতা হিসেবে ‘সাজ্জাদ সাইকেল’ এবং ঠিকানা সৈয়দপুর উল্লেখ পাওয়া যায়। তবে সৈয়দপুরে এ নামে কোনো প্রতিষ্ঠান নেই বলে স্থানীয়রা জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করে কোনো মাদক না পাওয়ায় ট্রাকটি ছেড়ে দিতে চায়। এতে স্থানীয়রা আপত্তি জানিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে খবর দেন। কাস্টমস কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চালানপত্র যাচাই করে পণ্যের মালিককে উপস্থিত হতে বলেন। তবে কেউ উপস্থিত না হওয়ায় ট্রাকটি সৈয়দপুর থানায় নেওয়া হয়।
থানায় ব্যাটারিগুলো নামিয়ে তল্লাশি করেও কোনো মাদক পাওয়া যায়নি। পরে গণনা শেষে কাস্টমস কর্তৃপক্ষ ব্যাটারিগুলো জব্দ করে রংপুর কাস্টমসের গোডাউনে নিয়ে যায়।
কাস্টমসের চালানপত্র অনুযায়ী, ট্রাকে বিভিন্ন সাইজের ৩০০ পিস বা ১৫০ সেট ব্যাটারি রয়েছে। এসবের করবিহীন মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা এবং ১৫ শতাংশ ভ্যাট ২ লাখ ৪৩ হাজার টাকা। ভ্যাটসহ মোট মূল্য ১৮ লাখ ৬৩ হাজার টাকা।
চালানপত্রে সরবরাহকারী হিসেবে জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের নাম এবং ক্রেতা হিসেবে ‘সাজ্জাদ সাইকেল’ উল্লেখ রয়েছে। চালানটি ইস্যু করা হয় ১৮ আগস্ট রাত ১১টায়।
সৈয়দপুর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সাহাবুদ্দিন মজুমদার বলেন, মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় ব্যাটারিগুলো জব্দ করা হয়েছে। যথাযথ কাগজপত্রসহ কেউ মালিকানা দাবি করলে তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ট্যাক্স বা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে কি না, সেটিও যাচাই করা হবে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মাদক থাকার সন্দেহে স্থানীয়রা ট্রাকটি আটক করেছিল। তল্লাশিতে মাদক না পাওয়ায় কাস্টমসকে জানানো হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ ব্যাটারিগুলো জব্দ করে নিজেদের জিম্মায় নিয়েছে।
পড়ুন : রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি


