যশোরের বিপুল পরিমাণ নকল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ডিউটি ফ্রি সিগারেট জব্দ করেছেন র্যাব ৬ যশোরের সদস্যরা। বুধবার বিকেলে শহরের আল আমিন মসজিদ মার্কেটে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মহিদ স্টোর নামক একটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স।
তিনি বলেন, খুলনা রোডের আল আমিন মসজিদ মার্কেটের ‘মহিদ স্টোর’-এর মালিক শেখ আব্দুল মহিদ (৭০) বিগত প্রায় ৩ মাস ধরে সরকারের নির্ধারিত শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে আনা ও নকল দেশি- বিদেশি ব্র্যান্ডের সিগারেট বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে র্যাবের একটি দল অভিযান চালায়।
অভিযানে দোকান থেকে বেনসন অ্যান্ড হেজেস, রয়্যালস, গোল্ডলিফ, স্টার, ডারবি, মন্ড ও প্রাটনসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল ও ডিউটি ফ্রি সিগারেট জব্দ করা হয়।
অবৈধ ও নকল সিগারেট মজুত ও বিক্রির অপরাধ প্রমাণ হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় মহিদ স্টোরের মালিক শেখ আব্দুল মহিদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম জানান, এ ধরনের অবৈধ ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্য বিক্রি রোধে এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : তালতলীতে আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


