বিজ্ঞাপন

সৌদি আরবের বিমানবন্দর-তেল স্থাপনায় হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকার বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তের কাছের সৌদি আরবের ওই দুই স্থাপনা লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা ড্রোন ব্যবহার করে সফলভাবে দুটি সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমটি সৌদি শত্রুপক্ষের সংবেদনশীল লক্ষ্যবস্তু নাজরান বিমানবন্দরে এবং দ্বিতীয়টি নাজরানের আরামকো স্থাপনায় আঘাত হেনেছে।

এর আগে, বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে দিয়ে বলেছিল, হুথি বিদ্রোহীরা সৌদিতে হামলা জোরদার করায় সৌদি আরব তাদের দমনে ব্যর্থ হবে।

এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন গত জুলাইয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের নতুন চক্রে ঢুকে যায়। ওই সময় হুথি বিদ্রোহীরা দেশটির সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে ২০২২ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে।

চলতি সপ্তাহে ইয়েমেনি একজন মন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালির আশপাশের ভূখণ্ড দখলের চক্রান্ত করছে; যা তাদের গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে হুমকি সৃষ্টি করার সুযোগ দেবে।

জলপথটির কাছে হুথিদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনের সরকারি বাহিনীর এক মুখপাত্র এবং হুথিদের একাধিক সামরিক সূত্র এএফপিকে বলেছে, বিদ্রোহীরা বর্তমান তাদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড থেকে আরও দক্ষিণে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।

গত মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি ইরানি বিমানকে স্বাগত জানায় হুথি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের নতুন করে সংঘাত শুরু হয়। পরবর্তীতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুথিরা এবং দেশটির জাহাজ, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা চালাতে শুরু করে।

সূত্র: এএফপি

বিজ্ঞাপন

পড়ুন : ইউরোপের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন