শরীয়তপুরের ডামুড্যা পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন—ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আবজাল (৩১)। তারা সবাই ডামুড্যা পৌর এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। হঠাৎ কুকুরটি পথচারী ও স্থানীয়দের ওপর আক্রমণ করে এবং একের পর এক কয়েকজনকে কামড়ে আহত করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে আহতদের স্বজন ও স্থানীয়রা তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করে একটি কুকুর এভাবে মানুষকে কামড়াতে শুরু করায় পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত কুকুরটিকে শনাক্ত করে নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আক্রান্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, “কুকুরটি হঠাৎ করে মানুষকে তাড়া করে কামড়াতে শুরু করে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদের বাইরে বের হতে ভয় পাচ্ছে।”
আরেক বাসিন্দা হান্নান মিয়া বলেন, “কুকুরের কামড়ে শরীরে গভীর ক্ষত হতে পারে। সময়মতো ভ্যাকসিন না নিলে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি থাকে। তাই বিষয়টি অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
স্থানীয় আতাউর খন্দকার বলেন, “একটি পাগলা কুকুরের কারণে একসঙ্গে এত মানুষ আহত হওয়া উদ্বেগের বিষয়। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত কুকুরটিকে শনাক্ত করে নিরাপদে অপসারণের ব্যবস্থা করা।”
চিকিৎসকদের মতে, কুকুরের কামড়ের ক্ষত ছোট হলেও তা অবহেলা করা উচিত নয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হয়। জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পাওয়ার পর রোগটি অত্যন্ত প্রাণঘাতী হতে পারে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘সকাল থেকে কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
এদিকে, কুকুরটির বিষয়ে সতর্ক থাকতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
পড়ুন : কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, আহত শিশু


