৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে বাংলাদেশের আত্মসমর্পণ স্পষ্ট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে যেতে দেয়নি বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়েছেন শরিফুল ইসলাম। একের পর এক আঘাতে ক্যামেরন গ্রিন ছাড়া অস্ট্রেলিয়ার অন্য ব্যাটারদের বিপাকে ফেলেছেন তিনি। গ্রিনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে অবশ্য প্রথম দিন শেষে শতাধিক রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দিতে ২২ বলের মধ্যে পাঁচ উইকেটসহ মোট ছয় উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই পেসারের আগুনে বোলিংয়ের পাল্টা জবাব দিয়েছেন শরিফুল। ইনজুরি কাটিয়ে ইবাদত হোসেনের স্থলাভিষিক্ত হয়ে নেমে অগ্নিমূর্তি ধারণ করেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ রান করার পর বল হাতেও ছয় উইকেট নিয়েছেন এই পেসার।
দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। দুই উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ১০১ রানে।
ম্যাকাই টেস্টে দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন শরিফুল। নিজের নবম ও দলের ৩২তম ওভারে তিন বলের মধ্যে বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে এই কীর্তি গড়েন তিনি। পরের ওভারে মিচেল স্টার্ককে ফেরান। মাত্র পাঁচ বলের মধ্যে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৪৮ রানে আট উইকেটে পরিণত করেন শরিফুল।
দ্বিতীয় সেশনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মিলিয়ে মোট সাতটি উইকেট পড়ে। বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার পর চা বিরতির আগে ৩ উইকেটে ৫০ রান করে অস্ট্রেলিয়া। শরিফুল ইসলামের জোড়া আঘাতে ৪১ রানের মধ্যেই তিন উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে উল্টো চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন শরিফুল।
এর আগের সেশনেও দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলার আভাস দিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ওভারে ম্যাট রেনশকে স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচে পরিণত করেন তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ডের বদলে একাদশে সুযোগ পাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার ৮ রান করে ফেরেন। ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
অষ্টম ওভারে বল হাতে নিয়ে দ্বিতীয় বলেই অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডকে ফেরান শরিফুল। ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড, করেন ২২ রান। এরপর চার বলের মধ্যে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল। ৯ বলে ৪ রান করে বোল্ড হন মার্নাস লাবুশেন। ফলে ৪১ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
এর আগে মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম।
পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী
আর/


