মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ফুটিয়ে তোলার আহ্বান জানিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুস শরীফ। তিনি বলেন, মহানবীর শিক্ষা অনুসরণ করলে তরুণ সমাজের মধ্যে নৈতিকতা, পরমতসহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে বিশ্বনবী (সা.)-এর জীবন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান ও শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানটিতে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা হামদ, নাথ ও গজল পরিবেশন করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের প্রিন্সিপাল ইউনুস শরীফ।
কলেজের অধ্যক্ষের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ছালাউদ্দিন সুমন, সহকারী অধ্যাপক আবদুর রহমান, সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান এবং সহকারী অধ্যাপক কামরুল ইসলাম।
বক্তারা বলেন, নৈতিক শিক্ষায় সমৃদ্ধ প্রজন্ম গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদে মিলাদুন্নবীর মতো পবিত্র দিবসের গুরুত্ব তুলে ধরা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পড়ুন : পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু
সা/


