চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—সিকদার বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (৮) এবং একই বাড়ির প্রবাসী আব্দুল শুক্কুরের ছেলে মো. তাসিন (৮)। তারা দুজনই স্থানীয় এককুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বাবা দুজন সম্পর্কে আপন ভাই এবং দুজনই প্রবাসে থাকেন।
স্বজনরা জানান, দুই সন্তানের মৃত্যুর খবর পেয়ে তাদের শেষবারের মতো একনজর দেখতে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন জাহাঙ্গীর আলম ও আব্দুল শুক্কুর।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. ইমরান জানান, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পর চার শিশু একসঙ্গে মসজিদের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে জাহেদ ও তাসিন গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। এ সময় একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে দক্ষিণ সুন্দরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
পড়ুন : লোডশেডিংয়ে মোবাইলের টর্চ লাইটের আলোতে দিচ্ছেন চিকিৎসাসেবা


