টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনিল নারিন। এই ফরম্যাটের ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২৬ আসরে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন নারিন। তার দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলতে নেমে ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট নেন তিনি।
ম্যাচ শুরুর আগে ৬৪৯ উইকেট নিয়ে থাকা নারিনের প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। সেন্ট লুসিয়া কিংসের ইনিংসের ১২তম ওভারের শেষ বলে জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউ করে সেই কাঙ্ক্ষিত উইকেটটি তুলে নেন তিনি। এর মধ্য দিয়ে ৬১১তম টি-টোয়েন্টি ম্যাচে ৬৫০ উইকেটের মাইলফলকে পৌঁছে যান ৩৮ বছর বয়সী এই স্পিনার।
নারিনের আগে কেবল আফগানিস্তানের রশিদ খান এই কীর্তি গড়েছেন। ৫৪৭ টি-টোয়েন্টি ম্যাচে রশিদের উইকেটসংখ্যা ৭৩৬। আগামী মাসে ভারতের বিপক্ষে দিল্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আফগানিস্তান দলের সঙ্গে ভারতে যাওয়ার কথা রয়েছে তার।
৬৫০ উইকেটের মাইলফলকে পৌঁছানো নারিন ও রশিদ খান পরের বোলারদের চেয়ে বেশ এগিয়ে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডোয়াইন ব্রাভো, যার উইকেট ৬৩১টি। এরপর ইমরান তাহিরের ৫৮২ উইকেট।
সিপিএলেও নারিনের আধিপত্য চোখে পড়ার মতো। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। সিপিএলে তার শিকার ১৩৭ উইকেট, যা দ্বিতীয় স্থানে থাকা ইমরান তাহিরের চেয়ে দুই বেশি।
আইপিএলেও একইরকম সফল নারিন। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২০২ ম্যাচে নিয়েছেন ২০৭ উইকেট। আইপিএলের ইতিহাসে ২০০ উইকেট নেওয়া একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি। একই দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও তার দখলে।
নারিনের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি তার দুর্দান্ত ইকোনমি রেট। আইপিএলে ২০০ রানের বেশি দলীয় সংগ্রহ যেখানে ক্রমেই নিয়মিত হয়ে উঠেছে, সেখানে রান নিয়ন্ত্রণে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন এই রহস্যময় স্পিনার। আইপিএলে তার ক্যারিয়ার ইকোনমি রেট ৬.৭৯। আর ২০২৬ মৌসুমে ১৫ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি ছিল মাত্র ৬.৬৫। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও নারিন সফল। ৪৪ বলে তার শিকার ৪৮ উইকেট।
৬৫০ উইকেটের মাইলফলক তাই শুধু আরেকটি সংখ্যা নয়—টি-টোয়েন্টি ক্রিকেটে নারিনের দীর্ঘস্থায়ী আধিপত্যেরই আরেকটি বড় প্রমাণ।
পড়ুন : বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক


