শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু ফারিয়া আক্তার হাবিবার সন্ধান ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পাওয়া যায়নি। বুধবার দুপুর থেকে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সখিপুর ইউনিয়নের মাধু সরকারের কান্দি ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে নিখোঁজের ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার ফারিয়া নানাবাড়িতে বেড়াতে আসে। পরদিন দুপুরে আরও দুই শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হন। তবে পানির স্রোতে তলিয়ে যায় ফারিয়া।
ঘটনার পর স্থানীয়রা নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। কয়েক ঘণ্টা ধরে অভিযান চালানো হলেও ফারিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ কিছুটা কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ শিশুটির সন্ধানে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে।
ফারিয়ার পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই তারা নদীর পাড়ে অপেক্ষা করছেন। স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও এখন পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ৪৮ ঘণ্টা পার হলেও ফারিয়ার সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পড়ুন: নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আর/


