গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড ও মামুন নীট ওয়্যার লিঃ নামক তৈরি পোশাক কারখানা দুটি অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম অসন্তোষ ও নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ কারখানার প্রধান ফটকে কর্তৃপক্ষ কর্তৃক টানানো নোটিশের মাধ্যমে বিষয়টি শ্রমিকদের জানানো হয়।
এম এম নীট ওয়্যার লিঃ এর সহ- ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় নিম্নতম মজুরী বৃদ্ধির দাবীতে গেল ১০ নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর হতে শ্রমিক কাজে যোগদান হতে বিরত থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোন যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকে। পরবর্তীতে উক্ত শ্রমিকেরা কারখানা বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের নামিয়ে উশৃংখলভাবে কারখানাতে ভাংচুর করে কারখানা ত্যাগ করে।
একই ধারাবাহিকতায় গতকাল ১১ নভেম্বর সকাল হতে অন্যায়ভাবে কর্ম বিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃংখলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এহেন আচরণ বে-আইনী ধর্মঘটের শামিল।
এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয় পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন,কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পড়ুন : নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা


