নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় ‘বন্দুক’ হাতে দুই তরুণের ঘোরাফেরা ও পথচারীদের দিকে অস্ত্র তাক করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা বন্দুক জব্দ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)। তারা দুজনই বন্দর বাজার এলাকার বাসিন্দা। লিমন তোহা ওই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে। ইয়াসিন মোল্লার বাবার নাম স্বপন মোল্লা।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে দুটি বন্দুক দেখা যায়, আটকের পর সেগুলো উদ্ধার করে পরীক্ষা করা হলে খেলনা বন্দুক হিসেবে শনাক্ত হয়। পরে দুইটি খেলনা বন্দুকই আটক তরুণদের সঙ্গে জব্দ করা হয়েছে।
আটক দুই তরুণের বিষয়ে প্রাথমিকভাবে জানা গেছে, লিমন তোহা ২০২৪ সালে এইচএসসি পাস করার পর আর লেখাপড়া করেননি। তিনি প্রায় সাত বছর ধরে টিকটক করেন। অপরদিকে ইয়াসিন মোল্লা ২০২২ সালে এসএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। তিনি প্রায় দুই বছর ধরে টিকটক করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণকে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কের বিভিন্ন স্থানে ‘বন্দুক’ হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তাদের পথচারী, রিকশাচালক ও শিশুসহ বিভিন্ন ব্যক্তির দিকে বন্দুক তাক করতেও দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। পরে লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি প্রকাশ করা হয়।
পড়ুন : বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি
সা/


