লক্ষ্মীপুরে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দুই মাসব্যাপী বিনামূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান।
উপজেলা আইসিটি অফিসার শুভ্রজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা ও রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অনলাইনভিত্তিক কাজের সুযোগ দ্রুত বাড়ছে। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা ঘরে বসেই দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পথও তৈরি হবে।
তারা আরও বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
নতুন কোর্সের উদ্বোধন শেষে পূর্ববর্তী কোর্সে প্রশিক্ষণ নেওয়া সফল শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সদ্য সমাপ্ত ডিজিটাল মার্কেটিং কোর্সের ১৪ জন প্রশিক্ষনার্থী ৩৬ হাজার টাকা এবং গ্রাফিক্স ডিজাইন কোর্সের ৬ জন প্রশিক্ষণার্থী ১১ হাজার টাকা আয় করেছেন বলে জানানো হয়।
পড়ুন: ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
আর/


