ময়মনসিংহে অস্বাভাবিক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুজনই পুরুষ। এর মধ্যে ময়মনসিংহ সদরের আব্দুল বারেক (৪০)। অন্যজন হলো ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের আব্দুল কুদ্দুছ (৩৫)। আব্দুল বারেক গত ১ আগস্ট রাতে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মারা যায়। এদিকে আব্দুল কুদ্দুস মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, ঐদিন রাতেই তিনি মারা যান।
ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৪৩ জন ভর্তি হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১১১ জন। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে মোট ১ হাজার ৫৪৬ জন হাসপাতালে ভর্তি হন। এ বছর ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসাধীন ১২ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন ১ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ২৯ আগস্ট ময়মনসিংহের ত্রিশাল থেকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিওমোনিয়া ও স্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাপলের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ২৪ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৯৮ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ৮১৮ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ৬৪৯ শিশু। এ বছর হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৭১ শিশুর মৃত্যু হলো।
পড়ুন:কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য আটক
ইমি/


