দিনাজপুরের কাহারোল উপজেলায় কান্তজীউ যুগল বিগ্রহের নৌ-যাত্রাকে কেন্দ্র করে মালবাহী একটি নৌকা ডুবে সাক্ষর কুন্ডু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মাকলা সাহার ঘাট এলাকায় ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি ডুবে যাওয়ার পর সাক্ষর কুন্ডু নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আট ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ স্থানের প্রায় ৫০ গজ দূর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাক্ষর কুন্ডু দিনাজপুর শহরের কালীতলা এলাকার সিন্টু কুন্ডুর ছেলে। তিনি একটি অটো রাইস মিলে কালেকশনম্যান হিসেবে কর্মরত ছিলেন। কান্তজীউ যুগল বিগ্রহের নৌ-যাত্রায় ব্যবহৃত মালবাহী নৌকায় তিনি আরও দুজনের সঙ্গে ছিলেন। নৌকাটি ডুবে গেলে অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও সাক্ষর সাঁতার না জানায় নদীর পানিতে তলিয়ে যান।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা ডুবে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২৭৪ বছরের ঐতিহ্যবাহী কান্তজীউ যুগল বিগ্রহকে প্রতি বছর কান্তনগর মন্দির থেকে ঢেপা নদীপথে রাজবাড়ী মন্দিরে নেওয়া হয়। এ উপলক্ষে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। নৌ-যাত্রাকে ঘিরে নদীপথে বিভিন্ন নৌকায় ভক্ত, স্বেচ্ছাসেবক ও প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হয়। এ বছরের নৌ-যাত্রার সময় মালবাহী নৌকা ডুবে এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে।
পড়ুন : সীতাকুণ্ডে মাদকবিরোধী মানববন্ধন, মামলা দিয়ে হয়রানির অভিযোগ


