বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ওই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজা বেগমকে দেখতে পান তিনি। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
এদিকে দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম (৭০) শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : নাইজেরিয়ায় চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের
সা/


