ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে প্রায় দেড় কোটি টাকার মালামালবোঝাই একটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার(৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে পৌরশহরের বড়বাজার নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া নৌকা ও মালামাল উদ্ধারে শ্রমিক এবং স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা আখাউড়ার বড়বাজার ঘাটে ভীড়ার চেষ্টা করছিল। এ সময় তিতাস নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। পরে নৌকাটি কাত হয়ে উল্টে যায়। এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।
বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের মুদিদোকানিদের মালামাল ছিল। এর মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, চিনি ও বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একজন ব্যবসায়ি বলেন, নৌকাটিতে অতিরিক্ত মালামাল বোঝাই করা হয়েছিল। ঘাটে ভীড়ার সময় প্রবল স্রোতের কারণে মাঝি নৌকাটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটতে পারে।
নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে বাজারের শ্রমিকরা ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় নদীতে তলিয়ে যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা শুরু হয়। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
পড়ুন:বাবা-ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস, ঘুষ-দালাল সিন্ডিকেটের অভিযোগ
ইমি/


