চট্টগ্রামের পটিয়ায় দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’-এর বার্ষিক সাধারণ অধিবেশন ‘মজলিসে উমুমী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৫৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জামিয়া পটিয়ার মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন ওদুদী।
আঞ্জুমানের সহকারী মহাসচিব মাওলানা আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় মাওলানা ক্বারী আব্দুর রহমানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
সূচনা বক্তব্যে আঞ্জুমানের মহাসচিব ও জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল কওকব উপস্থিত কওমী মাদ্রাসার দায়িত্বশীল ও ওলামায়ে কেরামকে স্বাগত জানান। এ সময় তিনি বোর্ডের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অধিবেশনে তিনি বোর্ডের গত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং বিগত বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। পরে বোর্ডের আয়-ব্যয়ের হিসাব ও বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা উপস্থাপন করেন মাওলানা মুহসিন আমীন।
কেন্দ্রীয় পরীক্ষার প্রতিবেদন পেশ করেন মাওলানা জাফর সাদেক। এছাড়া বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জামিয়া কুরআনিয়া চন্দ্রঘোনার মুহতামিম আল্লামা নেজাম উদ্দীন।
প্রতিবেদন উপস্থাপন শেষে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী ৫৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
অধিবেশনে দেশের বিভিন্ন কওমী মাদ্রাসার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদরা বক্তব্য দেন এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন আজিজিয়া কাসেমুল উলূম দোহাজারীর মুহতামিম আল্লামা হাবিবুল্লাহ, মদুনাঘাট ইউনুসিয়া ফতহুল ইসলামের দায়িত্বশীল, রাউজানের মুহতামিম মাওলানা শাহাবুদ্দীন, হোসাইন আজিজুল উলূম রাজঘাটার দায়িত্বশীল, লোহাগাড়ার মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ, দারুচ্ছুন্নাহ সাইরার ডেইলের দায়িত্বশীল, মাতারবাড়ীর মুহতামিম মাওলানা আহসান উল্লাহ, কাসেমুল উলূম বোয়ালখালীর দায়িত্বশীল, ঈদগাঁওয়ের মুহতামিম মাওলানা নুরুল হাকীম ও মাওলানা সাঈদুল হকসহ আরও অনেকে।
বক্তারা কওমী শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষা সনদের যথাযথ মান রক্ষা এবং ইসলামী শিক্ষা ও আদর্শের প্রসারে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের কার্যক্রম আরও সুসংহত করার আহ্বান জানান।
পড়ুন : রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২


