নেত্রকোনার দুর্গাপুরে ৩০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মদসহ মো. নয়ন মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চকলেঙ্গুড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক নয়ন মিয়া দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিন ও মোছা. আয়শা খাতুন দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন ডিউটি করার সময় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চকলেঙ্গুড়া এলাকায় নয়ন মিয়ার বসতঘরের খাটের নিচে অবৈধ ভারতীয় মদ লুকানো রয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নয়ন মিয়াকে আটক করা হয়।
পরে তার বসতঘরের খাটের নিচ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে ২৪ বোতল ‘আইস ভদকা’ (প্রতিটি ৩২৫ মিলি), একটি ছাই রঙের ভ্যানিটি ব্যাগে দুই বোতল ‘রয়েল স্টেজ’ (প্রতিটি ৭৫০ মিলি) এবং একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগে চার বোতল ‘ব্লেন্ডেড প্রাইড’সহ ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা বিভিন্ন ব্র্যান্ডের এসব মাদকের আনুমানিক বাজারমূল্য একষট্টি হাজার দুইশো টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করে আসামিকে থানায় আনা হয়েছে। এসব মাদক কোথা থেকে এবং কী উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে শুক্রবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন : অনিয়মের অভিযোগ পেয়ে মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
সা/


