মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের কুটির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মোশারফ হোসেন মুসার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
এর আগে টুর্নামেন্ট উপলক্ষে কাঞ্চনপুর ইউনিয়নের খেলার মাঠের দাবিতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একটি শোভাযাত্রা বের করে।
উদ্বোধনী অনুষ্ঠানে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে কাঞ্চনপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের খেলোয়াড়দের নিয়ে আজকের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পদ্মা অধ্যুষিত এই ইউনিয়নে কোনো খেলার মাঠ নেই। তাই আমাদের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী এই কাঞ্চনপুর ইউনিয়নের আপামর জনগণের পক্ষ থেকে কাঞ্চনপুর ইউনিয়নে একটি খেলার মাঠ নির্মাণের বিশেষভাবে দাবি করছি। এই ইউনিয়নের একটি খেলার মাঠ নির্মাণ করা হলে যুবসমাজ মাদক ছেড়ে খেলার মাঠে আসতে আগ্রহী হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইমন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইখলাস উদ্দিন, জনতা ব্যাংক পি এল সির ডিজিএম জেসমিন আরা, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম চান, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাদশা গায়ান, পাল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক এডভোকেট নাসির উদ্দিন ও সদস্য সচিব সচিব ইঞ্জিনিয়ার মেহরাব মোশারফ রিয়াদসহ ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি টিম অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে চারো পাঁচ নম্বর ওয়ার্ড অংশগ্রহণ করে। এতে ৩-০ গোলে ৫ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চার নম্বর ওয়ার্ড বিজয়ী হয়।
পড়ুন : চেকপোস্টে পিকআপ তল্লাশি, মিলল ইয়াবা-পিস্তল


