সরকারি বরাদ্দের বাইরে অবৈধভাবে মজুত করা রাজশাহীর পুঠিয়ায় জব্দকৃত ৩৩০ বস্তা সার এবার সরাসরি স্থানীয় কৃষকদের কাছে বিক্রয় করা হবে। আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) সরকার নির্ধারিত মূল্যে এসব সার বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
গত ১০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তিনটি দোকানে তল্লাশি চালিয়ে সরকারি বরাদ্দের বাইরে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দের পর সারগুলো যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। নিয়ম মেনে রবিবার স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, ‘‘জব্দকৃত ৩৩০ বস্তা সার বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রয়েছে। বিধি-বিধান অনুসরণ করে রবিবার স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে এসব সার বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, জব্দকৃত সার কোনোভাবেই অবৈধভাবে বাজারজাত করার সুযোগ নেই। নিয়ম মেনেই কৃষকদের কাছে তা বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে জব্দকৃত সার সরকারি মূল্যে সরাসরি কৃষকদের কাছে পৌঁছানোর ফলে স্থানীয় কৃষকদের মধ্যেও স্বস্তি ফিরবে।
পড়ুন:আগামী পাঁচ বছরে ধামরাইকে আধুনিক ও মডেল শহর করতে চাই, মুরাদ
ইমি/


