বিজ্ঞাপন

নিজের প্রতিষ্ঠানে গান শেখাবেন সামিনা চৌধুরী

বিজ্ঞাপন

গান তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। মঞ্চ, টেলিভিশন কিংবা প্লেব্যাক দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন সামিনা চৌধুরী। এবার গান গাওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে গান শেখানোর দায়িত্বও নিতে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। সংগীত শিক্ষার্থীদের শুদ্ধভাবে গান শেখানো ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে তিনি গড়ে তুলছেন ‘সামিনাস একাডেমি অব মিউজিক (এসএএম)’। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে একাডেমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এর আগে সামিনাকে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে।

আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। সেখানে প্রায় দুই মাস থাকার পর দেশে ফিরে একাডেমির আনুষঙ্গিক কাজগুলো শেষ করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম ঘোষণা করা হবে। একাডেমি নিয়ে সামিনা বলেন, ‘অনেক দিন ধরে অনেকে বলছিল গান শেখানোর কথা। স্বপনও (সামিনা চৌধুরীর স্বামী অনুষ্ঠান নির্মাতা ইজাজ খান স্বপন) বারবার বলছিল একটা একাডেমি করার জন্য। সে জন্য সিদ্ধান্ত নিয়েছি গান শেখানোর। মূলত অনলাইনে চলবে সামিনাস একাডেমি অব মিউজিকের কার্যক্রম। যারা সরাসরি শিখতে চায় সে ব্যবস্থাও থাকবে। সেটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই।’

বর্তমান সময়ে গান শেখার সুযোগ বেড়েছে অনেক। ইউটিউব, সামাজিক মাধ্যম কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের টিউটোরিয়াল পাওয়া যায়। সংগীত শেখার ক্ষেত্রে শুধু ভিডিও দেখে অনুশীলন করা যথেষ্ট নয় বলে মনে করেন সামিনা।
একজন অভিজ্ঞ শিল্পীর কাছ থেকে নিয়মিত নির্দেশনা, ভুল শুধরে দেওয়া এবং কণ্ঠের ধরন অনুযায়ী অনুশীলনের পরামর্শ একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গাটি পুরণ করতে তার এ উদ্যোগ। একাডেমিতে প্রাথমিকভাবে গানের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে। কণ্ঠের ব্যবহার, সুর-তাল, উচ্চারণ, গানের আবেগ, পরিবেশনাসহ সংগীতচর্চার প্রয়োজনীয় দিকগুলো শেখানো হবে।

বয়স বা অবস্থান যেন শেখার পথে বাধা না হয়, সে জন্য অনলাইন ক্লাসকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশে থাকা শিক্ষার্থীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা আগ্রহীরাও যুক্ত হওয়ার সুযোগ পাবেন। গান শেখানোর সঙ্গে সামিনার সম্পর্ক অবশ্য নতুন নয়। সংগীতের আবহে তাঁর বেড়ে ওঠা। কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নাবীর কন্যা হিসেবে ছোটবেলা থেকে গানের সঙ্গে তাঁর পরিচয়। বাবার কাছে সংগীতে হাতেখড়ি তাঁর। পরবর্তী সময়ে নিজের কন্ঠ ও গায়কির স্বতন্ত্র বৈশিষ্ট্যে তৈরি করেছেন আলাদা পরিচয়। দীর্ঘদিনের সেই আভিজ্ঞতা এবার তিনি ভাগ করে নিতে চান নতুনদের সঙ্গে। এর আগে বাবার স্মৃতি ধারণ করে একটি সংগীত

শিক্ষাপ্রতিষ্ঠান করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন সামিনা। সময়ের সঙ্গে সেই ভাবনা এবার নতুন পরিসর পেয়েছে।
‘সামিনাস একাডেমি অব মিউজিক’ শুধু তার নিজের নামে একটি প্রতিষ্ঠান নয়, বরং সংগীত শেখানো ও চর্চার একটি নিয়মিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একাডেমির প্রস্তুতির পাশাপাশি নিজের গানের কাজও চালিয়ে যাচ্ছেন সামিনা। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান।

সম্প্রতি তাঁর কণ্ঠে একটি নতুন গানের রেকর্ডিংও হয়েছে। গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর করেছেন সম্রাট আহমেদ। গত বুধবার গানটির রেকর্ডিং শেষ করেছেন তিনি। নতুন গান প্রসঙ্গে সামিনা বলেন, গানের কথাগুলো খুব সুন্দর। ‘যারা যেতে চায়, তাদের চলে যেতে দাও, তারা তোমার না’-গানের কথাগুলো শুনে ভালো লাগল। সুরটাও দারুণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

নিজের গান, নিয়মিত সংগীতচর্চা ও নতুন প্রজন্মকে শেখানোর উদ্যোগ-সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন সামিনা চৌধুরী। দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতা এবার প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর কাছে এটি কেবল নতুন একটি উদ্যোগ নয়; বরং যে সংগীতের সঙ্গে জীবনজুড়ে পথচলা, সেই সংগীতের পাঠ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও একটি প্রয়াস।

পড়ুন:গোপন সম্পর্ক আর নারীর টিকে থাকার গল্প, ভেনিসে সেরা ‘ওম্যান আননোন’

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন