নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন- দলকে শক্তিশালী না করার দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে আমাদের ভীতকে শক্তিশালী করতে হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে পাবনা জেলা বিএনপির আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাবনার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, পাবনার যতো সমস্যাই থাকুক না কেন, পাবনা যে নেতৃবৃন্দরা রয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টা সব সমস্যার সমাধান করে দেবে। পাবনাবাসীর সকল চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।
উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করার জন্য পাবনার দায়িত্ব নেওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা দেন পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল করা যাবে না


