পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ইট পাথর নিক্ষেপ মারপিঠে ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০ টায় জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের করে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা। মিছিলটি এমআর কলেজ মোড়ে আসলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছুড়লে সংঘর্ষ শুরু হয়। লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেয় দুই গ্রুপের সদস্যরা। সংঘর্ষে দুইপক্ষ ও এক পুলিশ সদস্য সহ আহত হয়েছেন ২১ জন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া চলে গভীর রাত পর্যন্ত। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষ অবস্থান থেকে ফিরে যায়। সংঘর্ষ চলাকালে রাতে প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন।
জানা গেছে, সকালে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের সামনেই বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হট্টগোল শুরু হয় দুই গ্রুপের মধ্যে। তারই রেশ ধরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা রেজওয়ানুল্লাহ বলেন, মোট ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে ১ জন পুলিশ সদস্য ছিল।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত করল ওমান
সা/


