গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে নারীসহ আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। অভিযানে কালিয়াকৈর থানা পুলিশ সহযোগিতা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকাগুলোতে মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নারীসহ আটজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন,লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গণশ্যাম এলাকার মৃত অহিদুল ইসলামের মেয়ে ফারজানা আক্তার (২১) টাঙ্গাইল জেলার মধুপুর থানার নয়াপাড়া এলাকার ইদ্রিস তালুকদারের ছেলে মো. মারুফ (৩৪) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার রফিক আলীর ছেলে সজীব মিয়া (২৭); টাঙ্গাইল সদর থানার মাহমুদনগর এলাকার মো. ছোরমান আলীর ছেলে তোফাজ্জল (৪৫) এবং গাজীপুর সদর থানার নাওজোর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৬)।
এ পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, বরিশালের পালপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে আজাদ হোসেন (২৯) পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরগুনাথপুর এলাকার ওবায়দুল্লাহ শিকদারের ছেলে আব্দুল্লাহ (২৯) এবং গাজীপুর জেলার কোনাবাড়ী আমবাগ এলাকার মো. মতিয়ার হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (২৭)-কে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, মাদকমুক্ত কালিয়াকৈর গড়তে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
পড়ুন : তামাবিল স্থলবন্দরের ব্যবসা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ


