সীমান্ত রক্ষায় যাদের চোখ থাকে সর্বদা সতর্ক, সেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র এক সদস্য এবার মেধা ও মানবিকতায় জয় করে নিয়েছেন সাধারণ মানুষের হৃদয়। দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের চকগোপাল বাজার এলাকায় একটি বিপদজনক সেতুর ভাঙা অংশ নিজ হাতে মেরামত করে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিজিবি জুনিয়র কর্মকর্তা মাজেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকগোপাল বাজার এলাকার ঐ ব্রিজের একটি অংশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়ে দীর্ঘ কয়েক মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। এ কারণে ইতিপূর্বে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনাও ঘটে। প্রতিদিন এই পথ দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
সম্প্রতি বিষয়টি নজরে আসার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহকারী প্লাটুন কমান্ডার (হাবিলদার ) মাজেদ সরকারি কোনো উদ্যোগ বা নির্দেশের অপেক্ষায় না থেকে নিজেই এগিয়ে আসেন। তিনি কোনো দ্বিধা না করে উর্দি পোশাকেই নিজ হাতে কংক্রিট ও মাটির বস্তা টেনে সেতুর ঐ বিপজ্জনক গর্তটি ভরাট করে চলাচলের জন্য নিরাপদ ও সচল করে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, মানবিক এই বিজিবি সদস্য মাজেদের নিজ বাড়ি রংপুর বিভাগের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে। তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান; তাঁর পিতা ছিলেন একজন সাবেক শিক্ষক এবং সফল ইউপি চেয়ারম্যান। পারিবারিক ঐতিহ্য ও নীতি-নৈতিকতার শিক্ষাকে বুকে ধারণ করে মাজেদ বিজিবিতে যোগদানের পর থেকেই সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনের বিভিন্ন জেলায় তিনি ইতিপূর্বেও নিজের ইতিবাচক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন।
পোশাক পরিহিত অবস্থায় তাঁর এই সেতু মেরামতের দৃশ্য ও খবর ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে। এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন। শুধু সাধারণ মানুষের মাঝেই নয়, তাঁর এই ব্যতিক্রমী ও মানবিক কাজের খবর নিজস্ব ইউনিট এবং বিজিবি ক্যাম্পে পৌঁছালে সহকর্মীদের মাঝেও এক বিশেষ আলোড়ন ও ইতিবাচক অনুপ্রেরণার সৃষ্টি হয়।
এলাকাবাসীর মতে, সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাজেদ প্রমাণ করেছেন একজন প্রকৃত সৈনিকের দায়িত্ব কেবল সীমান্তে নয়, দেশের মানুষের যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোই তাঁর মূল ব্রত।
পড়ুন : বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম
সা/


