ঢাকার ধামরাই উপজেলার ধুলিভিটা ও ইসলামপুর এলাকায় অটোরিকশার বেপরোয়া চলাচল, যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা এবং সড়কের ওপর পার্কিংয়ের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। ব্যস্ত সময়ে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, ধুলিভিটা ও ইসলামপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ সড়কগুলোতে নির্দিষ্ট ব্যবস্থাপনা ছাড়াই বিপুলসংখ্যক অটোরিকশা চলাচল করছে। চালকদের কেউ কেউ সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করান। আবার অনেক অটোরিকশা দীর্ঘ সময় সড়কের পাশে কিংবা বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকায় যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে।
বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ধুলিভিটা-ইসলামপুর সড়কে যানজট তীব্র আকার ধারণ করে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে অটোরিকশার ভাড়া নিয়েও রয়েছে যাত্রীদের অভিযোগ। পৌর শহরের বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে না থাকায় চালকদের একটি অংশ যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। স্বল্প দূরত্বের পথেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে।
যাত্রীদের দাবি, প্রতিটি রুটের ভাড়া নির্ধারণ করে তা অটোরিকশা স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে। পাশাপাশি ধুলিভিটা ও ইসলামপুরে নির্দিষ্ট অটোরিকশা স্ট্যান্ড, যাত্রী ওঠানামার স্থান এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ধুলিভিটা-ইসলামপুরের যানজট এবং অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
পড়ুন:কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ইমি/


