বিজ্ঞাপন

নতুন পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের নিয়ম যেভাবে

বিজ্ঞাপন

জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী সরকারি চাকরিতে বার্ষিক বেতনবৃদ্ধির দিন নির্ধারণ করা হয়েছে প্রতি অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই। তবে নতুন নিয়োগ পাওয়া কোনো কর্মচারীকে এই সুবিধা পেতে হলে তার কোয়ালিফাইং চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে।

জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর প্রকাশিত গেজেটে প্রথম নিয়োগে বেতন নির্ধারণ, অগ্রিম ইনক্রিমেন্ট এবং পরবর্তী সময়ে বার্ষিক বেতনবৃদ্ধির বিভিন্ন নিয়ম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়ম অনুসরণ করে প্রথমে বেতন নির্ধারণের পর ১ জুলাই ২০২৬ তারিখে একটি বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে কোনো নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ ছয় মাসের কম হলে তিনি ওই বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন না।

প্রথম নিয়োগে বেতন নির্ধারণের নিয়ম

১ জুলাই ২০২৬ বা তার পর কোনো কর্মচারী প্রথমবার নিয়োগ পেলে এবং তাকে বদলি বা পদোন্নতির মাধ্যমে পদে আনা না হলে, সংশ্লিষ্ট পদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ নির্ধারিত স্কেলের প্রারম্ভিক বেতন কার্যকর হবে। এ ক্ষেত্রে গেজেটে বেতন নির্ধারণের জন্য নির্ধারিত বিধান অনুসরণ করতে হবে।

তবে কোনো কর্মচারীর প্রথম নিয়োগের পদটি জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা (৯ম গ্রেড) অথবা এর ওপরে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

এমবিবিএস, ব্যাচেলর অব আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং অথবা সরকার স্বীকৃত সমপর্যায়ের ডিগ্রিধারী হলে একটি অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হবে। তবে শর্ত হলো, সংশ্লিষ্ট ডিগ্রিটি ওই পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।

অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যায় ডিগ্রির পাশাপাশি মাস্টার্স ডিগ্রিসহ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল প্ল্যানিংয়ে ডিগ্রি অথবা আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে দুইটি অগ্রিম ইনক্রিমেন্ট পাওয়ার বিধান রয়েছে। এখানেও সংশ্লিষ্ট ডিগ্রিকে ওই পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।

এ ছাড়া কোনো কর্মচারী চিকিৎসা অনুষদের লাইসেন্সধারী হলে এবং ওই লাইসেন্স সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করলে নিয়োগের সময় একটি অগ্রিম ইনক্রিমেন্ট পাওয়ার সুযোগ থাকবে।

আগের বিধানও কার্যকর থাকবে

জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেটে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কারণে অগ্রিম বর্ধিত বেতন দেওয়ার সঙ্গে সম্পর্কিত আগের কিছু বিধানও বহাল রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে ১৯৭০ সালের তৎকালীন শিক্ষা বিভাগের কয়েকটি স্মারক এবং ১৯৭৮ ও ১৯৮১ সালের অর্থ বিভাগের সংশ্লিষ্ট আদেশে আরোপিত শর্ত। একই সঙ্গে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে উচ্চতর প্রারম্ভিক বেতন দেওয়ার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২২ জানুয়ারি ১৯৯৪ সালের স্মারক এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণসংক্রান্ত অর্থ বিভাগের ১১ অক্টোবর ২০২১ সালের এসআরওর বিধানও কার্যকর থাকবে।

গেজেটের বিধান অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে প্রথম নিয়োগ পাওয়া কর্মচারীর বেতন নির্ধারণের ক্ষেত্রে শুরুতে সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপ বিবেচনা করতে হবে। এরপর প্রযোজ্য অগ্রিম ইনক্রিমেন্ট যোগ করে তার চূড়ান্ত বেতন নির্ধারণ করা হবে।

তবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পাওয়া এসব অগ্রিম ইনক্রিমেন্ট শুধু চাকরিতে প্রথম নিয়োগের সময়ই প্রযোজ্য হবে। পরবর্তী সময়ে পদোন্নতি হলে এ সুবিধা আর কার্যকর হবে না।

বিসিএস ক্যাডারে বাড়তি অগ্রিম ইনক্রিমেন্ট

জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ বিসিএস ক্যাডারে সরাসরি ৯ম গ্রেডে নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্য অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্টের বিধান রাখা হয়েছে। তাদের বেতন ৯ম গ্রেডের নির্ধারিত স্কেলে একটি অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্ট যুক্ত করে নির্ধারণ করা হবে।

তবে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার পর ক্যাডার পদে নিয়োগ না পেলেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশে ৯ম গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে এ সুবিধা থাকবে না। তাদের বেতন ৯ম গ্রেডের প্রারম্ভিক ধাপ অনুযায়ী নির্ধারণ করা হবে।

এক বছরের সময়সীমায় নিয়োগে বিশেষ বিধান

১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত প্রথমবার নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্য গেজেটে আলাদা একটি বিশেষ বিধান রাখা হয়েছে।

এই বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মচারী যদি ৩০ জুন ২০২৬ তারিখে চাকরিতে যোগদান করতেন, তাহলে বর্তমান বেতন হিসেবে তিনি যে অর্থ পেতেন, তার সঙ্গে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতন ও বর্তমান বেতনের পার্থক্যের প্রযোজ্য শতাংশ যোগ করে তার প্রাপ্য বেতন নির্ধারণ করা হবে।

ফলে নতুন পে স্কেলে প্রথম নিয়োগের ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক বেতনই নয়, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্য অগ্রিম ইনক্রিমেন্ট, ক্যাডার বা নন-ক্যাডার অবস্থান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ বিধানও বিবেচনায় নেওয়া হবে।

পড়ুন: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, যেভাবে বাস্তবায়ন হবে

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন