বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন পদে পদায়ন করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খানকেও বদলি করে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে যোগ দেওয়া সরদার নূরুল আমিন ও মো. ইকবাল হোসেনকে যথাক্রমে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) এবং অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) পদে পদায়ন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সে যোগ দেওয়া দুই কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত পদে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরদার নূরুল আমিন ও মো. ইকবাল হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়। সরদার নূরুল আমিন এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্বে ছিলেন। আর মো. ইকবাল হোসেন ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি।
অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, বিপিএমকে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) এবং অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, নতুন পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
পড়ুন : বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত
সা/


