বিজ্ঞাপন

প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী

বিজ্ঞাপন

ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরাধীন মাতৃভূমিকে মুক্ত করার সংগ্রামে চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে নাট্যদল ঢাকা পদাতিক। এ উপলক্ষে তাদের বহুল আলোচিত মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকবে সংগীতানুষ্ঠান, শিক্ষার্থীদের আঁকা প্রতিকৃতি ও ঐতিহাসিক নানা ঘটনার চিত্র প্রদর্শনী।

ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যালয় তপোবনের সহযোগিতায় আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু নাট্যপ্রদর্শনী নয়, বরং ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস, চট্টগ্রামের যুববিদ্রোহ এবং সেই সময়ের বিপ্লবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। এ আয়োজনের মধ্য দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারসহ ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবীদের স্মরণ করা হবে।

অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করবেন সাংস্কৃতিক বিদ্যালয় তপোবনের শিল্পীরা। সংগীতানুষ্ঠানের পর মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের ঐতিহাসিক নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী।

অনুষ্ঠানস্থলের প্রবেশপথেও থাকছে বিশেষ প্রদর্শনী। ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের চিত্র সেখানে প্রদর্শিত হবে। পাশাপাশি ওইসব যুদ্ধে শহীদ চট্টগ্রামের বিপ্লবীদের প্রতিকৃতিও রাখা হবে। ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের বিভিন্ন প্রদর্শনীর প্রামাণ্যচিত্রও দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ করে দেওয়াও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের আঁকা চিত্রের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাগুলোকে তাদের নিজস্ব দৃষ্টিতে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

বিশেষ এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শকদের জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। ফলে ইতিহাস, নাটক ও সাংস্কৃতিক আয়োজনের প্রতি আগ্রহী যে কেউ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

রাজধানীর অন্যতম জনপ্রিয় নাট্যদল ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এবারের বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে ঐতিহাসিক নাটকটির ৪৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিয়োগান্তক ঘটনাকে উপজীব্য করে নাটকটি নির্মাণ করেছে ঢাকা পদাতিক। নাটকটির রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ।

মাসুম আজিজের মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। নাটকটির মূল কাঠামো ও বক্তব্য অক্ষুণ্ন রেখে প্রয়োজন অনুযায়ী এর কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন তিনি।

নাটকটিতে প্রায় ৪০টি চরিত্র রয়েছে। এসব চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলন, কাজী সম্রাট, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষ, নুর, খাজা হুজ্জাতউল্লাহ, জাহিদসহ আরও অনেকে।

নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ। সংগীত পরিচালনা করেছেন আবুল বাশার সোহেল। আর মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন শ্যামল হাসান।

‘ট্রায়াল অব সূর্যসেন’-এর কাহিনিতে উঠে আসে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবী আন্দোলন, মাস্টারদা সূর্যসেন ও তাঁর সহযোদ্ধাদের সংগ্রাম এবং পরবর্তী সময়ে তাঁদের ওপর চালানো বিচার ও নির্যাতনের ইতিহাস। নাটকের মাধ্যমে সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা, বিপ্লবীদের আত্মত্যাগ এবং ঔপনিবেশিক শাসনের নির্মমতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসকে কেন্দ্র করে আয়োজিত এবারের বিশেষ প্রদর্শনী তাই একই সঙ্গে নাট্যপ্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও ঐতিহাসিক চিত্র প্রদর্শনীর সমন্বিত আয়োজন হিসেবে দর্শকদের সামনে হাজির হবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ব্রিটিশবিরোধী আন্দোলন ও বিপ্লবীদের ইতিহাস তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের পক্ষ থেকে দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের নির্ধারিত সময়ে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

পড়ুন:রাজেশের সুরে আট বছর পর নতুন গানে আসিফ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন