ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় আরজান মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি কাশবনের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কাশবনের ঝোপঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে নাসিরনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের হাত ও মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে আরজান মিয়া নিখোঁজ ছিলেন। পরদিন সোমবার সকালে পরিবারের সদস্যরা লাখাই থানায় গিয়ে তার নিখোঁজের বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর নাসিরনগরের কাশবনের ঝোপঝাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পান স্বজনরা। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি আরজান মিয়ার বলে শনাক্ত করেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পিবিআইয়ের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : পটিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত, রেল চলাচল বন্ধ


