প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন ও দক্ষিণী নির্মাতা অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’। বহুল প্রতীক্ষিত সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামাটি মুক্তির আগেই জায়গা করে নিয়েছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ। এর মধ্য দিয়ে বিশ্বমঞ্চে ভারতের নামও নতুন করে উজ্জ্বল হয়েছে।
গত সোমবার নির্মাতা অ্যাটলির ৪০তম জন্মদিনে ভক্তদের চমকে দিয়ে এ তথ্য প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। সিনেমাটির একটি বিশেষ দৃশ্যে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের ‘রিয়েল-টাইম মোশন ক্যাপচার’ করা হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে এমন ঘটনা আগে ঘটেনি। কোনো সিনেমায় এর আগে একসঙ্গে এত বেশি মানুষের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল্লু অর্জুন ও অ্যাটলির গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে সনদ নেওয়ার ছবি প্রকাশ করে উচ্ছ্বাস জানায় প্রযোজনা প্রতিষ্ঠানটি।
সান পিকচার্স তাদের বার্তায় লেখে, ‘ইতিহাস তৈরি হলো! এটি এমন এক বৈশ্বিক সাফল্য, যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেছে। ৩৭ জন পারফর্মারকে একসাথে রিয়েল-টাইমে ক্যাপচার করে ‘‘রাকা’’ বিশ্বরেকর্ড গড়েছে। আল্লু অর্জুন এবং অ্যাটলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ গ্রহণ করেছেন, যা এই ঐতিহাসিক অর্জনকে চিহ্নিত করে।’
এই মাইলফলক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে আল্লু অর্জুন বলেছেন, ‘এটি পুরো টিমের জন্য অত্যন্ত গর্বের এক মুহূর্ত। আমাদের পরিশ্রম ও প্রচেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে সম্মানিত করার জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
ইতোমধ্যে নির্মাতারা সিনেমাটির একটি বিশেষ বিহাইন্ড দ্য সিন ভিডিও প্রকাশ করেছেন। সেখানে প্রযুক্তির মাধ্যমে ৩৭ জন অভিনয়শিল্পীকে কীভাবে একসঙ্গে রিয়েল-টাইমে ক্যাপচার করা হয়েছিল, তার ঝলক দেখা গেছে।
‘রাকা’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। সিনেমাটি নিয়ে এরই মধ্যে নানা গুঞ্জন রয়েছে। এর মধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে, ‘রাকা’-তে আল্লু অর্জুনকে চারটি ভিন্ন চরিত্রে—দাদা, বাবা এবং দুই ছেলের ভূমিকায় দেখা যেতে পারে।
এ ছাড়া গল্পে ‘প্যারালাল ইউনিভার্স’ বা সমান্তরাল মহাবিশ্বের ধারণা থাকতে পারে বলেও আলোচনা চলছে। তবে এসব বিষয়ে নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।
সান পিকচার্স প্রযোজিত এই মেগা বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর।
পড়ুন : ‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
সা/


