তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত ৭৫ বছর বয়সেও নিয়মিত সিনেমায় অভিনয় করছেন এবং বক্স অফিসে সাফল্য ধরে রেখেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘জেলার’-এর পর এবার আসছে সিনেমাটির সিক্যুয়েল ‘জেলার ২’। এতে একাধিক তারকার সম্মিলন ঘটছে।
‘জেলার ২’-এর নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন বিদ্যা বালান। গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে তাঁর চরিত্র প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যাবে রজনীকান্ত ও বিদ্যা বালানকে। ফলে দুই ইন্ডাস্ট্রির দুই তারকাকে একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
গতকাল প্রকাশিত টিজারে বিদ্যা বালানকে ‘জেলার ২’-এ কান্তা চরিত্রে দেখা গেছে। নীল শাড়ি পরা বিদ্যা হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। এরপর দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে সংলাপ দেন। সঙ্গে বিড়িতে ফুঁ দেওয়ার দৃশ্যও রয়েছে। টিজারের এই অংশ প্রকাশের পরই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এক দর্শক মন্তব্য করেছেন, ‘ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ, বুকে ট্যাটু—বিদ্যা বালান যেন সিনেমার মানদণ্ডটাই আরও উঁচুতে নিয়ে গেলেন।’
আরেকজনের মতে, ‘বিদ্যা বালানের উপস্থিতি সিনেমাটিকে আরও ভালো করে তুলবে। এখন তো অবশ্যই সিনেমাটি দেখতে হবে!’
আরেক দর্শকের মন্তব্য, “প্রতিভার সোনার খনি বিদ্যা বালানকে দেখা যাবে থালাইভা রজনীকান্তের ‘জেলার ২’-এর কান্থা চরিত্রে। দুর্দান্ত পারফরম্যান্স আসছে।”
নেলসন দিলীপকুমার নির্মিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও থাকছেন রাম্য কৃষ্ণান, যোগী বাবু, মিঠুন চক্রবর্তী, এস জে সুরিয়াসহ অনেকে।
এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যেতে পারে মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন, বিজয় সেথুপতি প্রমুখ।
পড়ুন : বিশেষ শর্তেই ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা ফাতেহি
সা/


