রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
তিনি বলেছেন, রাজউকের সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ব্যাপক ডিজিটাইজেশনের দিকে যাচ্ছে সরকার। একই সঙ্গে রাজউকের সেবায় দীর্ঘসূত্রতা কমিয়ে নগরবাসীকে দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যেও কাজ করা হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘রাজউকের যে অনিয়ম-দুর্নীতির কথা আপনারা শুনছেন, এই সরকার আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। আগে রাজউকের প্লট বিক্রি করতে বা হস্তান্তর করতে রাজউকের ক্লিয়ারেন্স লাগত। এখন আর লাগে না। রাজউকের জায়গা কারও নামে মিউটেশন হয়ে গেলে তিনি সেটি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন।’
রাজউকের সেবাকে ডিজিটাল করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রচুর পরিমাণে ডিজিটাইজেশনের দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করছি, কোনো ক্লায়েন্ট আবেদন করলে তা ২৪ দিনের মধ্যে যেন পাস হয়।’
নগরবাসীকে আশ্বস্ত করে জাকারিয়া তাহের সুমন বলেন, ‘ইনশাআল্লাহ, আগের রাজউকের চেয়ে বর্তমান রাজউক অনেক ডিফারেন্ট হবে।’
নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান:
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জবাসীর জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করতেই এ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। পরিকল্পিত নগর গড়ে তুলতে নারায়ণগঞ্জের জন্য একটি বিশেষ মাস্টারপ্ল্যান করা হবে।
তিনি বলেন, ‘রাজউকের একটি মাস্টারপ্ল্যান আছে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের জন্য একটি স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে।’
এনডিএর সীমানা সম্প্রসারণের বিষয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি। ফতুল্লা ও সোনারগাঁকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় যুক্ত করা যায় কি না, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের যে সীমানা করা হয়েছে, আমরা সেই সীমানাটা আরও একটু বাড়াতে পারি। ফতুল্লা ও সোনারগাঁ এর সঙ্গে যুক্ত হতে পারে কি না, যাচাই-বাছাই করছি। উদ্দেশ্য তো একটাই—যেন শহরবাসী প্রকৃত সেবা পায়।’
রাজউকের চাপ কমাতে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ:
জাকারিয়া তাহের সুমন বলেন, রাজউকের আওতাধীন এলাকা অনেক বড় হলেও সে তুলনায় জনবল পর্যাপ্ত ছিল না। ফলে সেবাপ্রত্যাশীদের দ্রুত সেবা দিতে নানা ধরনের সমস্যা তৈরি হতো।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনগণ যাতে দ্রুত সেবা পায়, সে লক্ষ্যেই নারায়ণগঞ্জ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে রাজউকের ওপর চাপ কমবে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষ স্থানীয়ভাবে আরও দ্রুত সেবা পাওয়ার সুযোগ পাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজউক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) সরকারের অংশ। জনগণের সুবিধার জন্য যা করা প্রয়োজন, সরকার তা করবে। তবে সরকারি কোনো সিদ্ধান্ত নিতে হলে সবকিছু চিন্তাভাবনা করেই করতে হয়।
রাজউকের প্লট বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত বিগত আমলে নেওয়া হয়েছিল। বর্তমান সরকারের সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেকোনো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন হয়।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বিষয়ে কথা বলেছেন জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি তারা দেখছেন এবং কী করা যায়, তা পর্যালোচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে যারা ছিলেন:
নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মূল লক্ষ্য হচ্ছে নগরবাসীকে আরও দ্রুত ও কার্যকর সেবা দেওয়া এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলা।
পড়ুন:একদিকে জ্বালানি, অন্যদিকে বাসভাড়া—বাড়তি খরচে চাপে সাধারণ মানুষ
ইমি/


