চাঁদপুরের হাইমচর উপজেলার চর ভৈরবী ইউনিয়নের আমতলী নতুন বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা স্থানান্তরকে কেন্দ্র করে জটিলতা ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আমতলী বাজারের রফিক শিকদারের মালিকানাধীন ভবনে কৃষি ব্যাংকের শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ভবনটির চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ পার্শ্ববর্তী ইকবাল মাস্টারের মালিকানাধীন ভবনে শাখাটি স্থানান্তরের উদ্যোগ নেয়।
তবে নতুন ভবনে ব্যাংকের কার্যক্রম স্থানান্তরের উদ্যোগে স্থানীয়দের একটি অংশ অসন্তোষ প্রকাশ করে। একপর্যায়ে নতুন ভবনে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এতে ব্যাংকের শাখা স্থানান্তর নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় বিএনপি নেতা জিপির উপস্থিতিতে নতুন ভবনের তালা ভেঙে ব্যাংকের মালামাল সেখানে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্যাংকের জন্য নির্ধারিত নতুন ভবনটি এমন একটি এলাকায় অবস্থিত, যেখানে মাদকসংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। এছাড়া ভবনের মালিক ইকবাল মাস্টারের ভাই শাহীন মাদকসহ একাধিকবার আটক হয়েছেন বলেও স্থানীয়রা দাবি করেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের শাখা স্থানান্তরের ক্ষেত্রে গ্রাহকদের যাতায়াত, নিরাপত্তা, পরিবেশ এবং স্থানীয় মানুষের সুবিধা বিবেচনা করা প্রয়োজন।
এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
পড়ুন : যান্ত্রিক ত্রুটিতে ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
সা/


