বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গাংনীতে যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে যুবদলের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকেলে গাংনী শহরের হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমজাদ হোসেনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন। তার নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমন, সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ শাওনসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিভিন্নভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তারা মনে করেন। তার দাবি, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে পুশইন কার্যক্রমসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশে নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছে। অতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আমজাদ হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনি। পুলিশ দিয়ে তাদের হয়রানি করা হয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমাকেও কতবার জেলে যেতে হয়েছে, তার হিসাব নেই।

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকেছেন। ভবিষ্যতেও দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় তারা রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সমাবেশে জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন নয়, জনগণের মতামত ও গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি কষ্টিপাথর উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন