গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বগুড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। উদ্বোধনী বক্তব্যে তিনি গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণমাধ্যম-সংক্রান্ত আইন, বিধি-বিধান ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ এবং প্রয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার (পিপিএম) মির্জা সায়েম মাহমুদ। স্বাগত বক্তব্য দেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার।
কর্মশালার প্রথম সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুস সবুর। তিনি ‘গুজব, ভুয়া খবর ও ঘৃণাত্মক বক্তব্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ এবং সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, গুজব ও ভুয়া খবর শনাক্তকরণ, সাংবাদিকতার নৈতিকতা এবং গণমাধ্যম-সংক্রান্ত আইন ও আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়।
পরে মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্টরা তার উত্তর দেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেওয়া হয়।
পড়ুন : সরকার ও ইসির সমন্বয়হীনতা, এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন
সা/


