মিয়ানমারে পাচারের আগেই চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া ফেরিঘাটে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা। এ সময় ট্রাক থেকে একটি কার্গো বোটে সার তোলার মুহূর্তে অভিযান চালিয়ে ৩০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল। অভিযানে দুটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে। জব্দ সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর মাত্র ১৩ দিন আগে, গত ১০ সেপ্টেম্বর একই বাঁশবাড়িয়া ঘাটে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাক থেকে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে কোস্ট গার্ড। ওই চালানে ছিল ৩৫ হাজার কেজি সার, যার আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। সেবারও তিনটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।
পড়ুন : পিরোজপুরে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ তিনজন আটক


